নৌকাডুবিতে আর কেউ নিখোঁজ নেই: ফায়ার সার্ভিস

স্টার অনলাইন রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক আখতারুজ্জামন বলেন, নৌকাডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই। তবে কেউ যদি দাবি করেন তাদের স্বজন এখনো নিখোঁজ আছেন, সে ক্ষেত্রে আমরা আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবো।

নৌকাডুবির পরে পুলিশ দুটি নৌযান জব্দ করেছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে লইসকা বিলে একটি যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শতাধিক যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ‌২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: ৭ জনের বিরুদ্ধে মামলা