পায়রা সেতুতে মোটর সাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৩
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালী এলাকায় পায়রা সেতুর ওপর ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাইহান পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান শাহরিয়ারের একমাত্র ছেলে ও পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
দুর্ঘটনার সময় পায়রা সেতুতে দায়িত্বরত দুমকি থানার এসআই উত্তম কুমার ভাট ডেইলি স্টারকে জানান, ৪ লেনের পায়রা সেতুতে বিভাজন বা ডিভাইডার থাকলেও বরিশাল থেকে একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে পটুয়াখালীর দিকে আসছিল। সেসময় রাইহান ও তার বন্ধু পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাওয়ার পথে মোটর সাইকেল ২টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটর সাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন।
তাদের মধ্যে রাইহান ও তার বন্ধুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর ২ জনকে বরিশালে পাঠানো হয়।
রাইহানকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গত ২৪ অক্টোবর সেতুটি উদ্বোধনের পর এটিই প্রথম দুর্ঘটনা।