পুড়ে যাওয়া কারখানাটির অনুমোদন ছিল না: ইউএনও

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া জুতার কারখানাটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

বুধবার বিকেলে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যারের পুড়ে যাওয়া কারখানাটি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। 

এ ছাড়া কারখানটিতে পুড়ে নিহত ৩ শ্রমিকের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।


 
ইউএনও পরে সাংবাদিকদের বলেন, 'কারখানায় অগ্নিকাণ্ডে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক! কারখানটির কোনো ধরনের অনুমোদন ছিল না। অগ্নিকাণ্ডের পরই এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। স্থানীয়রাও কারখানাটির বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমাদের জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'এখানে অনেক শিশুশ্রমিক দিয়ে কাজ করানো হতো। এ ছাড়া কারখানা ঘুরে অগ্নিনির্বাপণ কোনো ব্যবস্থাও আমরা পাইনি। বিনা অনুমতিতে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে তারা কারখানা করেছে।'

এ ধরনের অনুমোদনহীন কারখানা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, 'ইতোমধ্যে আশুলিয়া থানা পুলিশকে এঘটনায় মামলা নেওয়ার জন্য বলা হয়েছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।'
 
নিহত শ্রমিকদের পরিবারগুলোকে জেলা প্রসাশনের তহবিল থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি।