ফরিদপুরে পদ্মায় ট্রলারডুবি, ২ শিক্ষক নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুর সদরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুই শিক্ষক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মদনখালীর মাথায় নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় একটি পল্টনের সঙ্গে ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রলারে ফরিদপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক ও মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩ জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার। তিনি জানান, নিখোঁজ দুই শিক্ষক হলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আলমগীর হোসেন (৪০) ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক আজমল হোসেন শেখ (৪২)।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শহরের বিভিন্ন বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক একটি ট্রলারে করে আজ বিকেলে নৌ ভ্রমণে বের হন। বিকেল ৪টার দিকে ট্রলারটি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলের হাট থেকে ধলার মোড়ের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি বিকেল ৫টার দিকে ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী মদনখালীর মাথায় একটি পল্টনে গিয়ে থামে। ওই পল্টনে তারা আসরের নামাজ পড়েন। নামাজ পড়ে শিক্ষকরা পুনরায় ট্রলারে উঠে যাত্রা শুরু করলে ট্রলারে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ট্রলারটি স্রোতের টানে মুহূর্তের মধ্যে ডুবে গিয়ে পল্টনের নিচে চলে যায়।

ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ই বলেন, 'ফরিদপুর দমকল বাহিনী প্রথমে দুটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে আরও দুটি ট্রলার বাড়ানো হয়। ঘটনাস্থলে  প্রচুর স্রোত ও গভীরতা বেশি। ফরিদপুর দমকল বাহিনীর কোনো ডুবুরি নেই। ডুবুরির জন্য আরিচায় যোগাযোগ করা হচ্ছে।'

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, 'নিখোঁজ দুই শিক্ষককে উদ্ধারে নৌ ও জেলা পুলিশ এবং দমকল বাহিনীর কয়েকটি দল কাজ করছে।'