বাবার সামনে ২ বছরের শিশুকে পিষে দিয়ে গেল পিকআপ ভ্যান
রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের আদর্শনগর এলাকায় পিকআপ ভ্যানচাপায় বাবা চোখের সামনে দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির নাম সায়েম। তার বাবার নাম মো. হীরা। আজ সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পেরেছি। হাসপাতালে আনার পরে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
হীরা সাংবাদিকদের জানিয়েছেন, তিনি সপরিবারে মিরপুর-১১ নম্বর সেকশনের আদর্শনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। দুই ছেলের মধ্যে সায়েম ছিল ছোট।
তিনি বলেন, সকালে তিনি সায়েমকে নিয়ে বাসার সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। দোকান থেকে ছেলেকে কিছু কিনে দেবেন বলে এগিয়ে যান। সে সময় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান সায়েমকে চাপা দেয়। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাচ্চু মিয়া আরও বলেন, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে।