বুড়িগঙ্গায় কার্গোর ধাক্কায় নৌকাডুবি: নিহত ৩, নিখোঁজ ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর কামরাঙ্গীরচরের কাছে বুড়িগঙ্গা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় নৌকা ডুবে অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১ জন।

আজ সোমবার সকাল সোয়া ৯টায় হুজুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে দমকল বাহিনীর ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সংস্থাটির সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, 'এ ঘটনায় রেখা (২৯), সানজিদা (৮) ও সানজিদার মা শীতল আক্তারের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ১ জন নিখোঁজ আছেন।'

দমকল বাহিনীর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'একটি কার্গো জাহাজের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় শফিকুল ইসলাম (৭) নামে ১ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।'

নিখোঁজ শফিকুল নিহত শীতল আক্তারের ছেলে।