ব্রাহ্মণবাড়িয়ায় ডুবে যাওয়া নৌযান উদ্ধারে কাজ শুরু

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইসকা বিলে ডুবে যাওয়া ইঞ্জিনচালিত নৌকা উদ্ধারে কাজ শুরু হয়েছে।

দুর্ঘটনার প্রায় ৩৯ ঘণ্টা পর আজ রোববার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে উদ্ধার অভিযান তদারককারী ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, ক্রেনের সাহায্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়েছেন। এর আগে তারা দুর্ঘটনা কবলিত স্থান চিহ্নিত করে লাল নিশানা টানিয়ে দেয়।

নৌযানটি খুব বেশি বড় না হওয়ায় দ্রুত সময়ের মধ্যে এটি উদ্ধার সম্ভব হবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুলিশের কর্মকর্তারা উপস্থিত আছেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে শতাধিক যাত্রীবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি বালুবোঝাই ভলগেটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আছেন ১১ জন প্রাপ্তবয়স্ক নারী, নয় জন শিশু ও দুজন পুরুষ।