ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু, নিখোঁজ ৫০
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার তিতাস নদী সংলগ্ন লইস্কা বিলে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
তিনি জানান, লইস্কা বিলের দেওদুনা নামক স্থানে বালুবাহী স্টিলের নৌকার সঙ্গে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান জেলা প্রশাসক।
জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, এই পর্যন্ত দুই জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—মাঈশা (৭) ও সিরাজ (৬০)। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
'স্থানীয়রা ১৯টি মরদেহ উদ্ধার করেছে। আর আমাদের ডুবুরিরা পরে আরও দুটি মরদেহ উদ্ধার করেছে। এখনো অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন', বলেন ফায়াস সার্ভিসের এই কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২০ জনেরও বেশি যাত্রী নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে ছেড়ে আসে যাত্রীবাহী নৌকাটি। সদর উপজেলার আনন্দবাজার ঘাটের দিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানিয়েছেন, নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।