মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

নিহত দুই জন হলেন—বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার শহীদ গাজীর ছেলে ভ্যানচালক শুক্কুর গাজী (৩০) ও একই ইউনিয়নের ধূয়াসার এলাকার জোরাল বেপারীর ছেলে আমির বেপারী (৩৬)।

ওসি মো. হাসানুজ্জামান জানান, আজ সকালে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। দ্রুতগতির বাসটি ভাঙা ব্রিজ নামক স্থানে গেলে একটি পিকআপ ভ্যানকে পাশ কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে। সেসময় অপর পাশ দিয়ে আসা যাত্রী-বোঝাই একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান এবং আহত হন তিন জন যাত্রী। পরে তাদেরকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান এবং বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর নিহত ভ্যানচালকের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বেশকিছু গাড়ি ভাঙচুর করে। সেসময় এক ঘণ্টার বেশি সময় গাড়ি চলাচল বন্ধ ছিল এবং সে কারণে সড়কে আনুমানিক তিন কিলোমিটারের মতো যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে বাসের চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

'আমরা বাসটি জব্দ করেছি এবং চালককে গ্রেপ্তারে অভিযান চলছে', বলেন পুলিশের এই কর্মকর্তা।