মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে অ্যাম্বুলেন্স, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে ২ যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার ভোররাত ৩টার দিকে মানিকগঞ্জের মিতরা এলাকার কালীবাড়ি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে গাবতলি বাস টার্মিনাল থেকে ৫ জন যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে অ্যাম্বুলেন্সটি। ভোর রাত ৩টার দিকে মিতরা এলাকার কালীবাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জলাশয়ে ডুবে যায় গাড়িটি। এ সময় গাড়িতে চালক ও হেলপারসহ মোট ৭ জন আরোহী ছিলেন।

তাদের মধ্যে ৫ জন বের হতে পারলেও পেছনের সিটে থাকা ২ যাত্রী আটকা পড়ে পানিতে ডুবে মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে পানির নিচে ডুবে থাকা গাড়ির ভেতর থেকে আটকে পড়া ২ যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া অ্যাম্বুলেন্সের এক যাত্রী বলেন, 'গাড়ির মধ্যে সব মিলিয়ে আমরা ৭ জন ছিলাম। গাড়িটি হঠাৎ রাস্তা থেকে পাশের জলাশয়ে পড়ে যায়।'

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, 'অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নেওয়ার কাজ চলছে। মরদেহ ২টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।'