যাত্রাবাড়ীতে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় ঘরে আগুন লেগে দগ্ধ আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) মারা গেছেন।

আজ সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভোর ৫টার দিকে মারা যান খাদিজা ও ভোর সোয়া ৬টার দিকে মারা যান আব্দুল করিম।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করিমের শরীরে ৫৪ শতাংশ ও খাদিজার ৯৫ শতাংশ দগ্ধ ছিল। আইসিইউতে আজ ভোরে তাদের মৃত্যু হয়। তাদের দেড় বছরের মেয়ে ফাতেমা আইসিইউতে চিকিৎসাধীন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, খাদিজা ও তার স্বামী আব্দুল করিমের মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগরে নিয়ে যাওয়া হবে।

গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪ তলা বাড়ির নিচ তলাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সেহরি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতে বিকট শব্দে বিস্ফারণ হয়। এতে বাসার ভিতরে থাকা তিন জন দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তারা দেখেন জিনিসপত্রে আগুন জ্বলছে। দগ্ধদের হাসপাতালে নিয়ে যান তারা।

তিনি আরও জানান, বাসায় গিয়ে ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থা দেখতে পেয়েছেন। তাদের ধারণা ফ্রিজের কম্প্রেসার মেশিন বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

স্বজনরা জানান, তাদের বাড়ি পাবনা সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। আব্দুল করিম, স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় করিমের একটি মুদি দোকান রয়েছে।