রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর কলাবাগানে যাত্রীবাহী বাসের চাপায় কবির হোসেন (৫৮) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।
আজ শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে কলাবাগান মাঠের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই কবিরের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা কবির হোসেন। তিনি নারায়ণগঞ্জ এলাকায় থাকতেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, কলাবাগান মাঠের বিপরীত পাশে এমকে ইলেকট্রনিক্সের শোরুমের সামনের রাস্তায় ভাড়ায় চালিত উবার মোটরসাইকেলে যাওয়ার সময় গুলিস্তানে-ধামরাই পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান কবির হোসেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ের চালক আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, যাত্রীবাহী বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।