রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
রাজধানীর ফার্মগেটে গ্রামীণ ফোন সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় শহীদ (৩০) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া মোটরসাইকেলে থাকা এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া।
তিনি জানান, মোটরসাইকেলটি ফার্মগেট থেকে কারওয়ান বাজারের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয় এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
ওসি মো. সালাউদ্দিন মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং মোটরসাইকেল চালকের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার বাড়ি কেরাণীগঞ্জে'।
ওসি আরও জানান, বাসটি আটক করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।