রাজধানীর ইব্রাহিমপুরে সুয়ারেজ লাইন বিস্ফোরণে আহত ২

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় একটি সুয়ারেজ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ জন পথচারী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণে রাস্তার পিচ উপড়ে গেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে ওয়াসাকে জানানো হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা এড়াতে বিস্ফোরণের পর ঘটনাস্থলের ২ পাশের রাস্তা আটকে দেওয়া হয়।