শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ২ নারী নিখোঁজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে দুই নারী নিখোঁজ হয়েছেন। বুধবার রাতে উপজেলার নোয়াপাড়া এলাকার অফিস খেয়াঘাটে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন, রূপগঞ্জের চনপাড়া এলাকা সেলিম মিয়ার মেয়ে চিটতি ওরফে চৈতি (১৮) ও একই এলাকার তারা মিয়ার স্ত্রী জাবেদা বেগম (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হজরত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অফিস ঘাট থেকে ২০ জন যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় ঘাট থেকে কিছু দূর যাওয়ার পর নদীতে নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও দুই নারী নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।'
চনপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মন্টু কুমার দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। দুজন নারী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।'
তিনি আরও বলেন, 'এলাকাবাসী বাল্কহেডটি আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'