শ্রীপুরে কেমিক্যাল কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের গাজীপুর, শ্রীপুর ও ভালুকার ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার মুলাইদ এলাকার আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানান তিনি।

তবে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

কারখানাটির সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, কারখানায় সংরক্ষিত ব্লিচিং পাউডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা প্যারাফিনের স্টোরেজ ট্যাংকে ছড়িয়ে পড়ে।

'আগুন লাগার সময় ঘটনাস্থলে কেউ ছিলেন না' উল্লেখ করে তিনি বলেন, 'আশপাশে যারা ছিলেন তারা তাৎক্ষণিকভাবে নিরাপদ অবস্থান নিয়েছেন। তাই হতাহতের কোনো সম্ভাবনা নাই।'

কারখানার অপারেটর রাকিব ও মামুন জানান, আগুনের ঘটনায় কেউ সেখানে আটকা পড়েনি বা আহত হয়নি। আমরা শ্রমিকরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।

ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, প্যারাফিন জাতীয় খনিজ পদার্থের কমপক্ষে ৯টি ট্যাংক স্টোরেজ রয়েছে। ট্যাংকগুলো থেকে নিরাপদ দূরত্বে কমপক্ষে তিনটি বহুতল ভবন রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ট্যাংকের পাশের ভবনগুলোতে যেন আগুন ছড়িয়ে না যায় সেজন্য সতর্ক অবস্থায় রয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল কুমার হালদারসহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।