সেপটিক ট্যাংকের ওপরে বসে আড্ডা, বিস্ফোরণে দগ্ধ ৩ বন্ধু হাসপাতালে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর হাতিরঝিল লেকে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন বন্ধু দগ্ধ হয়েছেন। উদ্ধার করে তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাতিরঝিলে মহানগর ব্রিজের পশ্চিম পাশের লেকের ধারে এই ঘটনা ঘটে।

দগ্ধ তিন বন্ধু হলো, ফরহাদ আকাশ (২১) আল কাবিদ (২২), মোমিনুস সালেহিন সিয়ম (১৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আহতদের একজনের ১৫ শতাংশ, একজনের ১০ শতাংশ এবং অন্য জনের হাত দগ্ধ হয়েছে।

দগ্ধ তিন জনের সঙ্গে থাকা অপর বন্ধু বন্ধু নাজমুস সাকিব মাহি জানান, তারা চার বন্ধু মিলে বিকেলে হাতিরঝিল এলাকায় ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে তারা হাতিরঝিল মহানগর ব্রিজের পাশের একটি সেপটিক ট্যাংকে বসে আড্ডা দিচ্ছিল। আমি একটু দূরে ছিলাম। হঠাৎ ট্যাংকটি বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হয়। পরে ডিউটিরত পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আহত সিয়াম জানায়, তিনি হাতিরঝিল পাগলা মাজার এলাকায় বড় ভাইয়ের সঙ্গে থাকেন। আল কাবিদের বাড়ি ঝিনাইদহ সদরে। সে মিরপুর তার বাসায় বেড়াতে আসছে। ফরহাদ আকাশের বাসা নবীনগর নিরিবিলি এলাকায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক এনামুল হক দগ্ধ তিন জনকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, সন্ধ্যার দিকে তারা চারজন লেকের সেপটিক ট্যাংকে বসে আড্ডা দিচ্ছিল। ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তারা দগ্ধ হয়।