সৈয়দপুরে ট্রাক চাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপায় ৩ পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাতে ঢাকা-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী আন্তঃজেলা বাস, ট্রাক, মিনি, মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর আলম ভান্ডারী (৪৮), রবিউল ইসলাম (৫২) ও মো. আলম (৪৫)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের সহকর্মীরা জানান, ঘাতক ট্রাকটি টার্মিনালের পূর্ব পাশের সুমনা ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে যাওয়ার পর গাড়ির ব্রেক বিকল হয়ে গেলে দ্রুত গতিতে হাইওয়েতে যায়। এ সময় ৪ জনকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন গুরুতর আহত হোন।

স্থানীয়রা আহত চম্পুকে (৩৫) গুরুতর অবস্থায় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওসি আবুল হাসানাত জানান, তারা ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পলাতক আছেন।