সড়ক দুর্ঘটনায় নিহত ৫ ভাই: ছোট ভাই রক্তিমের শ্রাদ্ধ সম্পন্ন
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের চাপায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রক্তিম শীলের শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের হাসিনাপাড়ায় রক্তিমের নিজ বাড়ির উঠানে শ্রাদ্ধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রক্তিম শীলের ভগ্নিপতি খগেশ চন্দ্র দাশ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রীতি অনুযায়ী রক্তিমের স্ত্রী সুমনা শর্মা শান্তা পুরোহিতদের সঙ্গে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেন।
রক্তিমের একমাত্র সন্তান সাড়ে ৩ বছরের অন্তিকের মাথার চুল কেটে ফেলা হয় বলে জানান তিনি।
গত ৮ ফেব্রুয়ারি পিকআপ চাপায় রক্তিমের ৫ ভাই নিহত হন। এতে আহত হন রক্তিমসহ আরও ২ ভাই বোন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ দিন চিকিৎসার পর ২২ ফেব্রুয়ারি মারা যান রক্তিম।
রক্তিম সুশীলদের চাচাতো ভাই কানন শীল ডেইলি স্টারকে জানান, দুর্ঘটনায় আহত বোন হীরা সুশীল এখন কিছু সুস্থ।
রক্তিমের আদ্যশ্রাদ্ধ উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে তাদের আত্মীয়-স্বজন বাড়িতে এসেছেন বলে জানান তিনি।
কানন শীল বলেন, 'কাকিমা বর্তমানে হাসিনাপাড়ার বাড়িতে অবস্থান করছেন। রক্তিমদের একমাত্র জীবিত ভাই প্লাবন ৬ ভাইয়ের মৃত্যুতে কিছুটা মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি ও চিকিৎসাধীন আছেন।
রক্তিম কক্সবাজার জেলার রামু উপজেলায় একটি মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানান তিনি।

