১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু
চুয়াডাঙ্গায় লাইনচ্যুত হওয়া রেলওয়ে পশ্চিম জোনের তেলবাহী ট্যাংকার উদ্ধার করা হয়েছে। এতে প্রায় ১২ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে জানান, 'বেলা ১২টা ৩০ মিনিটে ট্যাংকারটি উদ্ধার করে লাইন পুনরুদ্ধার করা হয় এবং ট্রেন চলাচল শুরু হয় ১২টা ৫০ মিনিটে।'
তিনি জানান, রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ওই ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।
খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০টি বগি নিয়ে ট্যাংকারটি ১২টা ২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি দুই নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে।
মোহাম্মদ আলী আরও জানান, ট্রেনটি দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনের ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২টা ৪০ মিনিটে লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শ্ববর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।