নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করতে সততার সঙ্গে দায়িত্ব পালন করব: সিইসি

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন যেন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়, সে জন্য আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন, নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ সোমবার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'আমরা চাই, কেউ যেন মাঠ ছেড়ে চলে না যান। কষ্ট করে মাঠে থাকেন। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা থাকা উচিত।'

এ ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের জন্য একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে সুশাসন ও ভালো সংসদ উপহার দেওয়ার চেষ্টা করবেন উল্লেখ করে তিনি বলেন, 'এ বিষয়ে দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করব না। রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করতে হবে। আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাতে হবে।'

সিইসি আরও বলেন, 'আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আশা করি, প্রত্যাশা করি, প্রার্থনা করি; সকলে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্রকে সুসংহত করবেন। যারা নির্বাচন করবেন তাদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করা নির্বাচন কমিশনের (ইসি) ম্যানেজারিয়াল ভূমিকা।'

এ ছাড়া রাজনৈতিক নেতাদের বিষয়ে তিনি বলেন, 'আমরা তাদের মুরব্বি হতে পারব না। উনারা অনেক জ্ঞানী, অভিজ্ঞ। আমরা অনুনয় করব সমঝোতা সৃষ্টি করেন, চুক্তিবদ্ধ হন। আপনারা নির্বাচন সুষ্ঠুভাবে করবেন, কেউ কাউকে বাঁধা দেবেন না।'

সংবাদ সম্মেরনে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।