মাঠে পুনাকের মেলা, তাই ৩ মাস ধরে বন্ধ খেলাধুলা

এস দিলীপ রায়
এস দিলীপ রায়

লালমনিরহাট শহরে রেলওয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী খেলার মাঠে চলছে পুলিশ নারী কল্যাণের (পুনাক) শিল্প পণ্য বানিজ্য মেলা। এতে গত ৩ মাস ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় শিশু-কিশোররা।

রেলওয়ের এই মাঠে শহরের স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী নিয়মিত খেলাধুলা করে। গত জানুয়ারি মাস থেকে মাঠে চলছে পুনাকের মেলা। শিশু-কিশোররা জানে না কবে শেষ হবে এই মেলা।

শহরের স্টেশন রোড এলাকার বাসিন্দা বিপ্লব ইসলাম (২০) দ্য ডেইলি স্টারকে বলেন, 'রেলওয়ে খেলার মাঠে আমরা খেলাধুলা করি। প্রতিদিন সকাল-বিকাল শহরের ছেলেরা এই মাঠে খেলাধুলা করে থাকে। মাঠে মেলা চলায় ৩ মাস ধরে খেলাধুলা করা যাচ্ছে না।'

একই এলাকার জাভেদ ইসলাম (১৮) বলেন, 'খেলাধুলার চর্চা করতে না পেরে আমরা হতাশ। এখন খুব খারাপ লাগছে আমাদের। কবে এই মাঠে আবারো খেলাধুলা করতে পারব, সেটাও জানি না।'

tds_95.jpg
গত ৩ মাস ধরে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় শিশু-কিশোররা। ছবি: এস দিলীপ রায়/স্টার

সাহেবপাড়া এলাকার স্কুল শিক্ষার্থী সুমন ইসলাম (১২) ডেইলি স্টারকে বলেন, '৩ মাস ধরে মাঠে খেলতে পারছি না। আমরা খেলার মাঠ ফেরত চাই।'

এলাকার বাসিন্দা সহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মাঠে মেলার কারণে আমাদের বাচ্চারা খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে। এতে তারা মানসিকভাবে অস্বস্তিতে আছে। খেলার মাঠে এভাবে দীর্ঘমেয়াদি মেলার আয়োজন করা মোটেই ঠিক হয়নি।'

মাঠ ব্যবস্থাপনার বিষয়ে জানতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা প্রশাসন ও জেলা পুলিশের সঙ্গে মৌখিক আলোচনার ভিত্তিতে মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা ছিলো ১ মাসের জন্য। মাঝখানে কোভিডের কারনে মেলা কিছুদিন বন্ধ ছিল। খুব দ্রুত মেলা শেষ করে মাঠটি স্বাভাবিক করে দেবে বলে মেলা আয়োজক কমিটি জানিয়েছে।'

জানতে চাইলে জেলা প্রশাসক আবু জাফর ডেইলি স্টারকে বলেন, 'মেলা ১ মাস চালানোর অনুমোদন ছিল। মেলা কবে শেষ হবে এ বিষয়ে পুলিশ সুপার বলতে পারবেন।'

যোগাযোগ করা হলে জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, 'মাঝখানে মেলা বন্ধ থাকায় এটি দীর্ঘমেয়াদী হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত মেলা চলবে।'