চবিতে চক্রাকার বাস চালু
শিক্ষার্থীদের জন্য চারটি স্থায়ী চক্রাকার বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বিনা ভাড়ায় এসব বাসে যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা।
বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চলবে।
আজ মঙ্গলবার থেকে এসব বাস চলাচল শুরু করবে।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চাকসুর সাড়ে চার ঘণ্টার অবস্থান কর্মসূচির পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এর আগে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতারা শিক্ষার্থীদের জন্য স্থায়ী চক্রাকার বাস সেবা চালুর দাবিতে সাড়ে চার ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চাকসু নেতাদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে বায়োলজি পর্যন্ত চলাচল করবে। এসব বাসে শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, ‘আমাদের এখানে যারা শিক্ষার্থী রয়েছে, তাদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা। এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের আসলে হলে ফিরে যাওয়া উচিত। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।’
১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সোমবার রাত সাড়ে আটটার দিকে চাকসু নেতারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভের অংশ হিসেবে তারা জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ ও ২ নম্বর গেটে তালা দেন। একইসঙ্গে তারা চক্রাকার বাস চালুর দাবিও জানান।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের চারটি স্থায়ী বাস চালুর আশ্বাসে রাত ১টার দিকে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।

