আবরার হত্যা দেশের সামগ্রিক সংকটের প্রতিচ্ছবি: ফখরুল
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবরার হত্যা এই দেশের সামগ্রিক যে সংকট, সেই সংকটের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ফখরুল আরও বলেন, একটি কথা আমি প্রায়ই বলি, পরিবর্তন আসে সব সময় তরুণ এবং যুবকদের মাধ্যমে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাংলাদেশের তরুণ-যুবকদের আমরা সামনে দেখতে পাচ্ছি না। আমাদের দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা সেদিন সোচ্চার হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আজকে তাদের কোনো কর্মসূচি আমি অন্তত দেখতে পাইনি।
তিনি বলেন, বহু আবরার হত্যা হয়েছে। আমাদের ৫ শতাধিক দেশপ্রেমিক নেতা-কর্মীকে গুম করে ফেলা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এটার কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুদূর প্রসারী একটি আধিপত্যবাদী চক্রান্ত। আমরা দেখেছি, এই সরকার আধিপত্যবাদের তাঁবেদারি করছে। একটি পুতুল সরকারে পরিণত হয়েছে।
আওয়ামী লীগ সরকার শুধু আজকে নয়, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত একইভাবে তাঁবেদার সরকারের ভূমিকা পালন করেছে। বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। আজকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুকৌশলে, গণতন্ত্রের মোড়ক লাগিয়ে তারা একই কায়দায় এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল এবং তাবেদার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়— বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল আরও বলেন, এ দেশের মানুষ চির জীবন লড়াই করেছে। স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে। আমি বিশ্বাস করি, কখনো বাংলাদেশের মানুষকে এভাবে পরাজিত করা যাবে না। সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং জনগণের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। বলার কোনো জায়গা নেই, কয়েক বছরে বাংলাদেশকে তারা পুরোপুরি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই। কোথাও কোনো ন্যায় বিচার নেই। মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা তারা অবশিষ্ট রাখেনি।