মুন্সীগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ২
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা বেদে সম্প্রদায়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন—লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে। আজ বুধবার সকালে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে আরও জানান, নিহতরা স্থানীয় বেদে সম্প্রদায়ের সদস্য। তাদের নামে থানায় কোনো মামলা নেই। তারা গোয়ালীমান্দ্রা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির অভিযোগে স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে।
ওসি মনিরুল ইসলাম বলেন, আজ সকালে খবর পাওয়ার পরপরই পুলিশ আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং পরে তারা মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।