এই সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল
আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা দলীয় আলোচনা হয়নি। তবে বিএনপি বর্তমান সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নিবে না। কারণ বর্তমান সরকার জবরদস্তিমূলক দখলদার সরকার। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান সরকার সব নির্বাচন তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ রেখে একটি তোষণমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছে।
তিনি বলেন, সরকার অদৃশ্য শক্তির সহায়তায় আগের রাতে ভোটবাকশো ভরে ক্ষমতা দখল করে বসে আছে। যে কারণে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। শুধুমাত্র গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সে কারণেই আমরা আন্দোলন করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে।
এদিন দুপুরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানির অনুষ্ঠানে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।