কাটাখালীর মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা রাজশাহীর পবা উপজেলার কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল স্থাপন সংক্রান্ত বিতর্কিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে। গত ২৫ নভেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো তার কোনো জবাব পাওয়া যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটুক্তি ও অশালীন বক্তব্য, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ এনে কাটাখালী পৌরসভার মেয়রের পদ থেকে তাকে অপসারণের লক্ষ্যে ওই পৌরসভার ১২ জন কাউন্সিলর আব্বাস আলীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩১(১) ধারা অনুযায়ী, কোন পৌরসভার মেয়র অথবা কোনো কাউন্সিলরকে অপসারণের কার্যক্রম আরম্ভ করা হয়েছে অথবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে, সেই ক্ষেত্রে নির্ধারিত কর্তৃপক্ষের বিবেচনায় মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হলে, সরকার লিখিত আদেশের মাধ্যমে মেয়র অথবা কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।
আরও বলা হয়, মো. আব্বাস আলীর বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং আইনশৃংখলা বাহিনী তাকে গ্রেপ্তার করায় তিনি অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হয়েছে বিধায় পৌর মেয়রের পদ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা যুক্তিযুক্ত।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩১ উপধারা (১) প্রদত্ত ক্ষমতাবলে নির্দেশক্রমে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।