‘কেউ না খেয়ে মারা গেছে এমন খবর দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেব’

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন, 'যদি কোনো পত্রিকায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গা এলাকায় মানুষ না খেয়ে মারা যাওয়ার খবর কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেব।'

আজ বুধবার সকাল ১১ টায় টঙ্গিবাড়ীর পাইকপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে তিনি বলেন, '২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোট দিয়েছিল জনগণ। ২০১৫ সালের মধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। খাদ্যের কোনো অভাব নাই বাংলাদেশে।'

'আপনারা বলেন, খাদ্য নিয়ে কোনো সংকট হয়েছে? এই মঙ্গা নিয়ে কুড়িগ্রাম, নীলফামারী নদী ভাঙা এলাকার মানুষকে নিয়ে কত যে গল্প হয়েছে!'

সাংবাদিকদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, 'যদি কোনো ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, কোনো পত্রিকায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মঙ্গা এলাকায় একটি মানুষও না খেয়ে মারা গেছে এমন শিরোনামে একটিও নিউজ দেখাতে পারেন তবে সেদিন থেকে আমি রাজনীতি ছেড়ে চলে যাবো। এই ১৩ বছরে দুর্ভিক্ষের কোনো নিউজ, মানুষ না খাওয়ার কোনো নিউজ বাংলাদেশের কোনো পত্রিকায় আসে নাই,' বলেন তিনি।

টঙ্গিবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ অনেকে।

সম্মেলনটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন।