‘খালেদা জিয়াকে আটকে রাখা বিচ্ছিন্ন ঘটনা নয়, সামগ্রিক চক্রান্তের বহিঃপ্রকাশ’

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে আটক করে রাখার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সামগ্রিক চক্রান্তের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, 'এই নেত্রীকে সম্পূর্ণ বেআইনিভাবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা সাজিয়ে আটক করে রাখা হয়েছে।'

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং তার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, '১/১১-তে যে চক্রান্ত শুরু হয়েছিল বাংলাদেশকে বিরাজনীতিকরণ করার, খালেদা জিয়াকে পুরোপুরি রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার, সেই পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে চলছে।'

তিনি বলেন, 'আজ সেই দেশনেত্রী, আমাদের আশা ভরসার স্থল, তিনি অত্যন্ত অসুস্থ। এত অসুস্থ যে, এখন ডাক্তাররা নিজেরাই বলছেন, তিনি জীবন-মরণের সন্ধিক্ষণে। তারা সব পরীক্ষা-নিরীক্ষা করে আরও বলেছেন, এখন যে চিকিৎসা করলে আল্লাহ তায়ালা তাকে আবার ফিরিয়ে দিতে পারেন, সেই চিকিৎসা এই দেশে নেই, তাকে বিদেশে পাঠানো দরকার।'

'কিন্তু এই সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গণবিরোধী অবস্থান নিয়েছে, তারা তাকে বাইরে যেতে দিতে চায় না', যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'শর্তসাপেক্ষে একটা আদেশ দিয়েছে যে, বাড়িতে থেকে খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। এটা সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রতিহিংসা।'

'খালেদা জিয়ার প্রতি তাদের যে ভয়, এই নারী যদি সুস্থ হয়ে বেরিয়ে আসেন, তাহলে তাদের সবকিছু ভেঙে খান খান হয়ে যাবে। সেই কারণেই তারা তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে দিতে চায় না', বলেন তিনি।