খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে: ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।
ফখরুল বলেন, বাংলাদেশে এমন কোনো প্রযুক্তি নেই যার মাধ্যমে চিকিৎসকরা লিভার সিরোসিসের পুরোপুরি চিকিৎসা করতে সক্ষম হন। তারা বলেছেন, এটা এক দিনের বিষয় নয়, দীর্ঘ দিন ধরে এই রোগ হয়েছে। দুর্ভাগ্য কারাগারে এবং হাসপাতালে তার কোনো চিকিৎসা হয়নি। তিনি আবারও সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবারও তার রক্তক্ষরণ হচ্ছে।
তিনি বলেন, চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। সরকার প্রথম থেকেই এই বিষয়টাতে পুরোপুরি নেতিবাচক অবস্থান নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন না। আপনাদের মনে থাকার কথা, অত্যন্ত সুস্থ অবস্থায় হেঁটে তিনি (খালেদা জিয়া) কারাগারে গিয়েছিলেন।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করতে তাদের এত অনীহা কেন? তিনি যখন পুরান ঢাকার কারাগারে ছিলেন, তখনো তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বারবার বলার পরে যখন বোর্ড (মেডিকেল বোর্ড) করা হয়েছে, সেই বোর্ডেও তার সুচিকিৎসা হয়নি। পরবর্তীতে তার ব্যক্তিগত চিকিৎসকদের সুপারিশে যখন বিএসএমএমইউতে নিয়ে আসা হয়, তখন অনেক দেরি হয়ে গেছে। খালেদা জিয়াকে তারা তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কারণ একটাই, তিনি একমাত্র রাজনীতিক যিনি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন—অভিযোগ করেন ফখরুল।