খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি ঢাবি সাদা দলের
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ সোমবার দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, 'আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের কাছে আপিল করা হচ্ছে, তার পরিবার থেকে আপিল করা হয়েছে কিন্তু সরকার কোনো অবস্থাতেই নমনীয় হচ্ছে না। তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল আজ এখানে দাঁড়িয়েছে। আমরা আশা করি সরকার আমাদের দাবি ইতিবাচকভাবে গ্রহণ করবে এবং তার শুভ বুদ্ধির উদয় হবে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার সুচিকিৎসার পথ সুগম করে দেবে।'
সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, 'খালেদা জিয়া শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই লড়াই করেননি, তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে অসামান্য অবদান রেখেছেন। আজকে খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
তিনি আরও বলেন, 'স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই লগ্নে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হোক৷ এবং এর জন্য আইনের চেয়ে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। এসময় তিনি খালেদা জিয়াকে এবং তার অসুস্থতা নিয়ে যারা অমানবিক বক্তব্য দিচ্ছেন-তাদের সেগুলো পরিহার করার অনুরোধ জানান।
সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মো. মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক আখতার হোসেন খান, ফাইনান্স ডিপার্টমেন্টের শিক্ষক জাহাঙ্গীর আলম, ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুর রশীদ, মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুন আহমেদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম।