পটুয়াখালী

গলাচিপায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

আজ রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে সোহাগ, মান্নান ও সমীর নামে ৩ জনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা উপজেলা চেয়ারম্যান শাহীন শাহের কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু অভিযোগ করেছেন, গত শনিবার আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার পর উপজেলা আওয়ামী লীগ অফিসে বসে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন মহিলা আওয়ামী লীগের কর্মীদের সর্ম্পকে অশ্লীল মন্তব্য করেছেন।  

এর প্রতিবাদে আজ রোববার বিকেলে মহিলা আওয়ামী লীগ নেত্রী নুর নাহার বেগমের বাসা থেকে ঝাড়ু মিছিল শুরু হয়ে পৌর মঞ্চ চত্বরে শেষে হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ নিয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহিন শাহ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার সমর্থকদের নিয়ে ঝাড়ু মিছিলের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, তার ভাই পৌর মেয়র উপজেলা অওয়ামী লীগ নেতা আহসানুল হক তুহিন, মা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুর নাহার বেগমসহ সমর্থকদের নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিতে চেয়ার ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে মোহনা টিভির প্রতিনিধি সোহাগ রহমান, এশিয়ান টিভির জসিম উদ্দিনসহ আনন্দ সোহেল আরমান, আননাফি, মইন, সেলিনা বেগম, মনির, নবীন, রীনা, লিপি, কলি, মাকসুদা, নাজমুননাহার, নাসরিন, ইদ্রীস, হাসান, প্রতীক, জিসান, নয়ন, সিয়াম, কবির ও তানভীরসহ অন্তত ৩০ জন আহত হয়। 

ওয়ানা মার্জিয়া নিতু দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত শনিবার দুপুরে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা আওয়ামী লীগ অফিসে বসে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ মহিলা আওয়ামী লীগের কর্মীদের সর্ম্পকে অশ্লীল মন্তব্য করেন। নারী বিদ্বেষী হিসেবে তাকে সকলের বয়কট করা উচিত।'

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান শাহীন শাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিতুর পরিবারের সঙ্গে স্থানীয়ভাবে আমার পরিবারের বিরোধ দীর্ঘদিনের। আমাকে হেয় প্রতিপন্ন করতে সে প্রায়ই আমার বিরুদ্ধে মিথ্যা, বনোয়াট অভিযোগ করে থাকে। আমি নারী বিদ্বেষী কোনো মন্তব্য করিনি।'

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত অনোয়ার ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'