গুম-খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গুম-খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই।
তিনি বলেন, 'বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার মতো শত শত মানুষকে গুম-খুন করে সরকারের অব্যাহতভাবে ক্ষমতায় থাকার চেষ্টার প্রতিবাদ জানাতে এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে আমরা বোয়ালখালী এসেছি। এই সরকার গুম, খুন, হত্যা ও মিথ্যা মামলার মাধ্যমে জোর করে একটা দখলদার সরকারে পরিণত হয়েছে। যারা বাচা চেয়ারম্যানকে গুম করেছে তাদেরকে রেহাই দেওয়ার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তদন্তের মাধ্যমে বিচার করা হবে। এই গুম-খুনের বিচার হবে জনতার আদালতে, রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে। গুম-খুন করে কেউ রেহাই পাবে না, বিচার হবেই।'
আজ শুক্রবার সন্ধ্যায় গুমের শিকার বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম বাচার পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
বাচা চেয়ারম্যানের মা, স্ত্রী, ছেট ভাই ও সন্তানদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় বাচা চেয়ারম্যানের স্ত্রী-সন্তানরা তাদের প্রিয়জনকে ফেরত পাওয়ার আকুতি জানান।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আইনের শাসনের আওতায় এদের সবার বিচার হতে হবে। বাচা চেয়ারম্যানের পরিবার ও দেশের জনগণের আগামী দিনের নিরাপত্তার জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য তাদের বিচার হতে হবে। এই সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক ও দায়বদ্ধ সরকার ফিরে আসবে।'
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আবদুল মান্নান, বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোহাম্মদ ইসহাক চৌধুরী, সদস্য সচিব ও বাচা চেয়ারম্যানের ভাই হামিদুল হক মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, পৌরসভা বিএনপির আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ।