চৌগাছায় ‘প্রতিপক্ষের’ হামলায় ২ আওয়ামী লীগ নেতা আহত
যশোরের চৌগাছা উপজেলায় 'প্রতিপক্ষের' হামলায় স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।
গতকাল রোববার রাতে চৌগাছা-যশোর সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত আওরঙ্গজেব চুন্নু (৫৮) উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও চৌগাছা সদর ইউনিয়নের মন্মথপুর গ্রামের বাসিন্দা এবং হারুন অর রশীদ (৩৪) পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার তারানিবাস গ্রামের বাসিন্দা।
তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাজিন আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই জনেরই শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।'
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ডেইলি স্টারকে বলেন, 'অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।'
হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা আওয়ামী লীগের সদস্য আওরঙ্গজেব চুন্নু ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রোববার যশোর থেকে ফেরার পথে চৌগাছা-যশোর সড়কের সলুয়া ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে আমরা প্রতিপক্ষের হামলার শিকার হই।'