জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি যৌক্তিক: হানিফ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, '১৯৭৭ সালে ২ অক্টোবর ১২ শ সামরিক কর্মকর্তাকে জিয়াউর রহমান হত্যা করেছিল, তা ছিল অত্যন্ত মর্মান্তিক। এসব সেনা কর্মকর্তাদের পরিবাররা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছে, তা যৌক্তিক।'

আজ রোববার বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, 'সেদিন জিয়াউর রহমান জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তাদের সামরিক আদালতে ফাঁসি কার্যকর করেছিল, যা ছিল গণহত্যার শামিল।'

তিনি আরও বলেন, 'সেদিন জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়েছিল। কিন্তু তার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। জিয়া তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই এই জঘন্য কাজটি করেছিল। এই ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তা যৌক্তিক। আমাদেরও সেই দাবির সঙ্গে একাত্মতা রয়েছে।'

আওয়ামী লীগের ইতিহাসে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসার রেকর্ড নেই উল্লেখ করে হানিফ বলেন, 'যারা এই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে, তারাই বলছে আওয়ামী লীগ এভাবে ক্ষমতায় থাকবে। অথচ এই প্রক্রিয়ায় বিএনপির জিয়া এবং তার দল ক্ষমতায় এসেছিল। আজও সেইভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ২০০৬ সালে বিএনপি তাদের রাষ্ট্রপতিকে দিয়ে আবারও অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল কিন্তু জনতার রোষানলে তা করতে ব্যর্থ হয়।'