দেখতে দেখতে ১৩ বছর, আন্দোলন হবে কোন বছর: কাদের
সরকার পতনে বিএনপির আন্দোলন কোন বছর শুরু হবে সেই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার দুপুরে গাবতলীতে রাস্তার পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে গত ১৩ বছর ধরে প্রতিটি ঈদে বিএনপি ঘোষণা দিয়েছে 'ঈদের পর আন্দোলন', দেখতে দেখতে ১৩ বছর আন্দোলন হবে কোন বছর?
তিনি আরও বলেন, বিএনপি প্রতিদিন একই কথা বলে। পথ হারানো পথিক, দিশেহারা পথিক—পথ হারালে যা হয়। কখন যে কী বলবে সেটা বলা খুব মুশকিল। তারা আসলে কী চায়; তাদের জাতীয় ঐক্যের চেহারা আমরা গত নির্বাচনেও দেখেছি। ঐক্য করল, সংলাপে এলো, নির্বাচন করবে, তারপর নির্বাচনের সময় তাদের ঐক্য লেজে গোবরে অবস্থা।
তিনি আরও প্রশ্ন করেন, তাদের নেতা কে, কে আন্দোলন করে, প্রধানমন্ত্রী হবে কে?
অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের রাস্তা ভালো উল্লেখ করে কাদের বলেন, শৃঙ্খলাচ্যুতি ঘটলে যানজটের সৃষ্টি হয়। এবার আমরা বিষয়টি ভালোভাবে দেখছি। বিআরটিএর (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ম্যাজিস্ট্রেট সব টার্মিনালে সার্বক্ষণিক দায়িত্ব নিয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন। কোনো অবস্থাতেই জনগণের যাতে দুর্ভোগ না হয় সে ব্যাপারে তিনি বারবার সতর্ক করে দিচ্ছেন।
আমরা বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের অনুরোধ করেছি যাতে ধাপে ধাপে ছুটি দেওয়া হয়। একসঙ্গে ছুটি হলে চাপ এড়ানো কঠিন হয়ে পড়ে। যাদের যে দায়িত্ব সেই দায়িত্বটা যদি যথাযথভাবে পালন করা হয়, তাহলে ঈদযাত্রা অনেকটা ভালো হবে, নির্বিঘ্ন হবে—বলেন তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী গতকাল জানিয়েছেন, ফেরির কোনো সংকট কোথাও নেই। কাজে নৌ পথেও সমস্যা হওয়ার কথা না।