'পত্রিকায় লেখার জেরে অধ্যাপককে সংসদীয় কমিটিতে তলবের ঘটনা কখনো ঘটেনি'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাসনীম সিদ্দিকীকে সংসদীয় কমিটিতে তলবের ঘটনায় আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
তিনি বলেন, '১৯৯৬ সাল থেকে আমি সংসদ সদস্য। পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হওয়ার জেরে একজন অধ্যাপককে সংসদীয় কমিটিতে তলবের ঘটনা কখনো ঘটেনি।'
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের উপর আলোচনার সময় হারুনুর রশীদ এ মন্তব্য করেন।
তাসনীম সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। গত ৮ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে 'রেমিট্যান্স প্রবাহ আর প্রবাসীদের বাস্তবতায় মিল নেই' শিরোনামে তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এর জের ধরে রেমিট্যান্স আয় নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাসনীম সিদ্দিকীকে তলব করেছিল অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
গত ২৩ সেপ্টেম্বর তাসনীম সিদ্দিকী সংসদীয় কমিটিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন।
ওই ঘটনা উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হারুনুর রশীদ বলেন, 'রেমিট্যান্স প্রবাহ ও বাস্তবতায় মিল নেই শিরোনামে অধ্যাপক তাসনীম সিদ্দিকীর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল প্রথম আলোয়। তাকে শোকজ করে সংসদীয় কমিটির বৈঠকের আলোচ্যসূচির এক নম্বরের বিষয়বস্তু করা হয়েছিল। তাসনীম সিদ্দিকীকে যেভাবে হেনস্তা করা হয়েছে, কমিটির সদস্য হিসেবে আমি তার প্রতিবাদ করেছিলাম। অর্থমন্ত্রীও আপত্তি করেছিলেন।'
অর্থমন্ত্রীর উদ্দেশে হারুন বলেন, 'অর্থনৈতিক কমর্কাণ্ড স্বাভাবিক হচ্ছে। এখন কেন রেমিট্যান্স কমে গেল?'