ফটিকছড়িতে আ. লীগ-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একই জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা থেকে ফটিকছড়ি সরকারি কলেজ ও বাস স্টেশনের আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিনুল হাসান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আজ দুপুর ৩টায় ফটিকছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজ শাখা ছাত্রলীগ আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করে। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তায়েব একই জায়গায়, একই সময়ে আলোচনা সভার ঘোষণা দেন।

এ বিষয়ে কথা বলতে আবু তায়েবের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল বলেন, মূলধারার আওয়ামী লীগের সঙ্গে এই অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই।