ফেসবুক লাইভে ওবায়দুল কাদেরকে নিয়ে ‘মন্তব্য-বিরুদ্ধাচারণ’, থানায় অভিযোগ
ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে 'আপত্তিকর' মন্তব্য ও বিরুদ্ধাচারণ করায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার এক নম্বর চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দক্ষিণ মনারখিল গ্রামের সোলেমান সরর্দারের ছেলে মো. জয়নাল আবেদীন নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, ফারুক হোসেন ও শহিদ।
অভিযোগে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন করেন। কমিটি প্রকাশের পর ওই দিন বিকাল ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম কাশিপুর গ্রামের নুর ইসলামের ছেলে জাহাঙ্গীর শেখ, উপজেলার উত্তর চাকলা গ্রামের হোসেনের ছেলে মো. ফারুক হোসেনের ফেসবুক আইডি থেকে জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, শহিদের সহযোগিতায় লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অপমানজনক কথা বলেন এবং তার বিরুদ্ধাচারণ করে সম্মানহানি করে।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে বিরুদ্ধাচারণ করায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'