বাংলাদেশে এখনো আ. লীগ একমাত্র শক্তি: ওবায়দুল কাদের
বাংলাদেশে এখনো আওয়ামী লীগ একমাত্র শক্তি এবং কারো পক্ষেই একে হারানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার রাতে ফেনী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মন্তব্য করেন
সরকারের কৃতিত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বহু কাজ করেছে। ঈদের ৩ দিন আগে গাজীপুরে ৩টি ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে।'
'বিএনপি ভোট চাওয়ার মতো কী কাজ করেছে? ভোট চাইতে পারে—এমন কোনো দৃশ্যমান কাজ তারা দেখাতে পারবে না। খালেদা জিয়া দণ্ডিত, তারেক রহমান পলাতক। তাদের তো নেতাই নেই। তাদের নেতা কে? এই প্রশ্নের উত্তর মির্জা ফখরুল দিতে পারেনি।'
নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'নিরপেক্ষ সরকার দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন এমনিতেই সম্ভব। নির্বচনের সময় সব মন্ত্রণালয় চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। এ ক্ষেত্রে সরকারের কোন ভূমিকা নেই।'
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন যথা সময়ে হবে। আন্দোলন করার জন্য বিএনপির কোনো নেতা নেই। বিএনপি চোখে সর্ষে ফুল দেখছে। তারা যদি কখনো সরকার গঠন করতে পারে, তাদের সরকারপ্রধান কে হবেন? খালেদা জিয়া ও তারেক রহমান ২ জনই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বিএনপি নির্বাচনে আসবে—তবে জল ঘোলা করেই আসবে।
সয়াবিন তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে খাদ্যসহ সব জিনিষপত্রের দাম বাড়ছে। বাংলাদেশে দ্রব্যমূল্যে ভারসাম্য আছে। সরকার সব বিষয় আন্তরিকতার সঙ্গে মোকাবিলা করছে, নিয়ন্ত্রণে রেখেছে। সে হিসেবে আমাদের দেশ বেশ ভালো আছে।
এ সময় ফেনী-২ আসনের (সদর) এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী জেলা জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) আবদুল হাফেজ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের পরে ফেনী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।