বিএনপির মতো এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছে: কাদের

বাসস

বিএনপি দ্বিচারিতার রাজনীতি করেছে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, কোন সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে? আজ শুক্রবার সকালে ওবায়দুল কাদেরের বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা-অশালীনতার চর্চা করে যাচ্ছে? ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। এই বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাদের বলেন, কোনো সভ্য দেশের নেতার এমন বক্তব্য নাকি আশা করা যায় না—এ কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখুন।

তিনি আরও বলেন, সন্তানের মৃত্যুর পর বেগম জিয়াকে সান্ত্বনা দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন গিয়েছিলেন, তখন তারা দরজা বন্ধ করে দিয়েছিলেন। এ রকম অমানবিক ও অসভ্য আচরণ কোন সভ্য দেশের একটি রাজনৈতিক দলের প্রধান করতে পারেন? এর জবাব কি দেবেন বিএনপি মহাসচিব? গণভবনে চায়ের আমন্ত্রণের বিপরীতে অকথ্য ভাষায় গালিগালাজ কোন সভ্য দেশের একজন দলপ্রধান করতে পারেন? তার জবাবও কি বিএনপি মহাসচিব দেবেন? সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করে যিনি সংসদে যান না অথচ তার দল সংসদে, এমন দ্বিচারিতার রাজনীতি কে করেছে? কোন সভ্য দেশের রাজনৈতিক দল করতে পারে আশা করি জবাব দেবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল কারিগর এবং বেনিফিশিয়ারি যারা, যারা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করল, গ্রেনেড হামলা চালালো, ১৫ আগস্ট জন্মদিন না হওয়া সত্ত্বেও বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনুভূতিতে আঘাত করল যারা, সেই দল বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার জন্য মানবিকতার সর্বোচ্চ নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও বেগম জিয়ার শাসনামলে কোনো দণ্ডিত, সাজাপ্রাপ্ত আসামি এ ধরনের কোনো সুযোগ পেয়েছেন? অথবা তাদের শাসনামলে বিরোধী দলের কেউ এমন সুযোগ পেয়েছেন, এ ধরনের কোনো নজির তারা দেখাতে পারবেন? তাহলে বলুন এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন? আর কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা-অশালীনতার চর্চা করে যাচ্ছে?

বিএনপি নেতারা এখন বেগম জিয়ার জন্য মায়া কান্না করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেনি, বলেন ওবায়দুল কাদের।