বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়: কৃষিমন্ত্রী
আন্দোলন, সংগ্রামের নামে বিএনপিকে 'সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড' করতে দেওয়া হবে না জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, 'বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। দেশকে পিছনে নিয়ে যেতে চায়। আর আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবেলা করে দেশকে আরো সামনের দিকে নিয়ে যেতে চায়।'
আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খোলাবাড়িয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার শক্তি আওয়ামী লীগের রয়েছে মন্তব্য করে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, 'জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। শুধু হুমকির মধ্যেই তারা আছে। তারা বলে ঈদের পরে আন্দোলন করব। এখন বলবে আগামী পূজার পরে, বর্ষাকালের পরে বা সামনে বসন্তকাল আসছে, তখন কঠোর আন্দোলন করবে। এগুলো আমরা মোকাবিলা করে এসেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ একাই যথেষ্ট।'
কৃষিমন্ত্রীর ভাষ্য, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল খাতে দেশের ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এর ফলে আওয়ামী লীগের ভিত্তি হয়েছে দেশের আপামর জনগণ। এসব উন্নয়নমূলক কাজের জন্যই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। অন্যদিকে বিএনপি আর কোনদিন মানুষের নিকট গ্রহণযোগ্যতা পাবে না।'
এর আগে মন্ত্রী ঔষধি গ্রামে ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরার মাঠ পরিদর্শন শেষে সেখানকার কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। তখন কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া ও বাজারজাতকরনে সমস্যাসহ বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়গুলো তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, 'ঔষধি ফসল চাষ সারাদেশে ছড়িয়ে দেওয়া ও এর সুষ্ঠু বাজারজাতকরনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কম সুদে ঋণ প্রদান, রপ্তানির ব্যবস্থা ও প্রক্রিয়াজাকরণে উদ্যোগ গ্রহণ করা হবে।
একইসঙ্গে বিভিন্ন ধরনের কৃষিপণ্য সংরক্ষণের জন্য নাটোরে শীগ্রই মাল্টিপল কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।