বিএনপি স্বীকার করে নিয়েছে ৭৫’র হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে: তথ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

সারা বাংলাদেশে বিএনপি নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী-অছাত্রদের সমাবেশ ঘটিয়ে স্লোগান দিয়েছে, 'পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'। এই স্লোগান বিএনপি দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে পঁচাত্তরে হত্যাকাণ্ড তারাই ঘটিয়েছে, জিয়াউর রহমানই ঘটিয়েছে। সেটি তারা স্বীকার করে নিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে সমাবেশের নামে তারা গাড়ি ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। নিজস্ব টাকায় যখন পদ্মা সেতু হয়ে গেছে, তখন বিএনপি নেতা বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথা খারাপ হয়ে গেছে। তারা সারা বাংলাদেশে ভিন্ন রকম পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যাতে মানুষের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে সেটি নষ্ট করা যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, এ দেশের আপামর মানুষের দল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা পথে আছে এবং থাকবে। সন্ত্রাসীরা যদি এ দেশে বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালায় আমাদের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে, বলেন তথ্যমন্ত্রী।