চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে আবারো পরিবারের আবেদন

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে আবারও সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এ বিষয়ে অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন দিয়েছেন।

আজ সোমবার তাদের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে জানান, শামীম ইস্কান্দার গত বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে করা আবেদনে খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে জামিন দিতে বা বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য এ পর্যন্ত ৫ বার সরকারের কাছে অনুমতি চেয়েছে তার পরিবার।'

আবেদনের বিষয়ে সরকার সহযোগিতা করেনি।

গত বছরের আগস্টেও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু 'একজন দোষী সাব্যস্ত ব্যক্তির এই সুযোগ পাওয়ার অধিকার নেই' উল্লেখ করে সরকার ওই আবেদন প্রত্যাখ্যান করেছিল।

তার চিকিত্সার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে ছাড়ার প্রায় এক সপ্তাহ পরে গত শনিবার তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

চলতি বছরের এপ্রিলে খালেদা করোনাভাইরাসে আক্রান্ত হন। জটিলতা বেড়ে যাওয়ায় ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ১২ অক্টোবর শরীরের তাপমাত্রা ওঠানামা করলে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে বাত, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন।

দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। করোনা মহামারির কারণে গত বছরের ২৫ মার্চ তিনি সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি পান।