বিরোধী দলকে শক্তিশালী করার দাবি বিএনপি-জাতীয় পার্টির সংসদ সদস্যদের
বিরোধী দলকে শক্তিশালী করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টির একধিক সংসদ সদস্য।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে 'বিরোধী দলের নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১' পাসের আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, 'বিরোধী দলের অবস্থান কাগজে কলমে, সংসদে নেই।' হারুন তার বক্তব্যে বলেন, 'সংসদ কার্যকর করতে হলে সংকট কোথায় তা দেখতে হবে।' তিনি বলেন, 'স্থানীয় সরকারের নির্বাচনও সঠিকভাবে করতে পারছে না সরকার।'
হারুন প্রশ্ন তোলেন, 'সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নেওয়ার পর কেউ শপথ ভাঙলে দায়িত্বে থাকার অধিকার থাকে কি না, পুলিশের মহাপরিদর্শক বোট ক্লাবের সভাপতি থাকতে পারেন কি না।' তিনি আরও বলেন, 'আমি এসব বিষয়ের ব্যাখ্যা চেয়েছিলাম কিন্তু পাইনি।'
পরে আরেকটি বিলের আলোচনায় অংশ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের রাষ্ট্রধর্ম প্রসঙ্গে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। মোবাইলে তথ্যপ্রতিমন্ত্রীর বক্তব্য বাজিয়ে সংসদে শোনান হারুন।
তিনি বলেন, 'শপথ ভাঙলে তাদের ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে? সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় কখনোই এটি হতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহীতার শামিল। সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম। কেউ সংবিধানের মৌলিক অনুচ্ছেদগুলো পরিবর্তন করার উদ্যোগ নিলে তাকে শাস্তির আওতায় আনতে হবে।'
'পরিকল্পনা মন্ত্রীও বলেছেন তিনি বাকশালে বিশ্বাস করেন, রাষ্ট্রধর্ম ইসলাম একটি বিষফোঁড়া', বলেন হারুন।
জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ''শক্তিশারী বিরোধী দল চাইলে, বিরোধীদলকে 'এমপাওয়ার্ড' করতে হবে।' এ ছাড়া, তিনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করা, সরকারি দলের হুইপদের মতো বিরোধী দলের হুইপদের মর্যাদা ঠিক করা, বেশি সংখ্যক সংসদীয় কমিটির সভাপতি করার দাবি জানান।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী বলেন, 'বিরোধী দলীয় চিফ হুইপ পদটি কাগজে কলমে। এই পদের কোনো প্রটোকল নেই।'
জাতীয় পার্টির একাধিক সদস্য আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপের পদটিকে সরকারি দলের হুইপের পদের মতো মর্যাদা দেওয়ার দাবি করেন।
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, 'বিরোধী দল যথাযথ ভূমিকা রাখার সুযোগ পায় না। সবাই যাতে সমান সুযোগ পান সেটা নিশ্চিত করতে হবে।'