মানিকগঞ্জে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড
ডিজেল, কেরোসিন, সার ও বাস ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডিজেল, কেরোসিন, বাস ভাড়া, সার, কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ সকাল সাড়ে ৯টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে জড়ো হতে থাকেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
পরে নেতা-কর্মীরা আদালত চত্বরে যান। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিল বের করে আদালত চত্বর প্রদক্ষিণ করেন তারা। পরে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় কর্মসূচি পালন না করেই নেতাকর্মীরা সেখান থেকে চলে যান।
বিক্ষোভে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, যুগ্ম-সম্পাদক সত্যেনকান্তি পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, রফিক উদ্দিন ভূইয়া হাবু, দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন অংশ নেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার বলেন, 'সরকার গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'
জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক মো. কোহিনূর মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা যখন আদালতে কর্মসূচি পালন করছিলেন, আমরা তখন বাধা দিইনি। কিন্তু রাস্তায় এসে কর্মসূচি পালন করতে শুরু করলে বাধা দিই। কারণ জনগণ ভোগান্তিতে পড়ছিল।'