যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ছুরিকাঘাতে আহত গোলাম রেজা দুলু  

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দলটির সিনিয়র নেতা গোলাম রেজা দুলু আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে কার্যালয়।
মঙ্গলবার দুপুরে যশোর শহরের জেলা বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
আহত গোলাম রেজা দুলুকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হামলার ঘটনায় ছাত্রলীগকে দায়ী করছেন বিএনপি নেতারা।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী জানান, গত এক মাস ধরে দলীয় উদ্যোগে বিএনপি কার্যালয়ে করোনাভাইরাসের ভ্যাকসিনের নাম নিবন্ধনের কাজ চলছে। আজ সকালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের চেয়ারপরসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় হঠাৎ করে ৪০/৫০ জনের একটি দল দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে থাকা কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। যাওয়ার সময় তারা অফিসের সামনে থাকা দশটি মোটরসাইকেল ভেঙে রেখে যায়।
হামলার ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বিকেলে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। 
অভিযোগ নিয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। 
যশোর কোতয়ালি থানার ইনসপেক্টর শেখ তাসমীম আলম জানান, দুপুরের দিকে বিএনপি অফিসে দুই পক্ষের মারামারি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।