শটগানের গুলিতে আহত ২ বিএনপি নেতা হাসপাতালে
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের শটগানের গুলিতে আহত বিএনপির দুই নেতাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন তেজগাঁও থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান টগর (৪৮) ও কামরাঙ্গীরচড় থানা বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ (৬২)।
আজ মঙ্গলবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী তাদের হাসপাতালে নিয়ে আসেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গেলে পুলিশ আমাদের ওপর আক্রমণ করেন। এক পর্যায়ে আমাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ।'
ফারুক হোসেন আরও বলেন, অনেক নেতা-কর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন ডেইলি স্টারকে জানান, 'আহত দুজনেরই মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগান ইনজুরি আছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল।'
আরও পড়ুন
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ