শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচিতে ওসির স্লোগান

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরের সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে যেখানে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে দলীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষে বুধবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলা আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করেছিল।

শরীয়তপুর শহরের চৌরঙ্গি মোড়ে ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের সঙ্গে কেক কাটা হয়। এই কর্মসূচির ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে।

ভিডিওতে ওসি আক্তার হোসেনকে টি-শার্ট পরিহিত অবস্থায় মোমবাতি হাতে দলীয় স্লোগান দিতে দেখা যাচ্ছে। ওসি স্লোগান দিচ্ছেন, 'শুভ শুভ শুভ দিন, শেখ কামালের জন্মদিন; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা।' স্লোগানের সঙ্গে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও আওয়ামী লীগের নেতারা কণ্ঠ মেলাচ্ছেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, শেখ কামালের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছি সদর উপজেলা আওয়ামী লীগ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ইকবাল হোসেন অপু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শেখ কামালের জন্মদিনের অনুষ্ঠানে পালং মডেল থানার পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু হঠাৎ করে শ্লোগান ধরে ওসি আক্তার হোসেন আমাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন। ওসি এক সময় ছাত্রলীগ করতেন।'

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে স্লোগান দিয়ে ওসি সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ লঙ্ঘন করেছেন। এই আইন অনুযায়ী সরকারি কর্মচারীরা প্রকাশ্য এমন কর্মকাণ্ডে জড়াতে পারেন না। পালং মডেল থানার ওসি পুলিশ বাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানানো হবে।'

জানতে চাইলে ওসি আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ছাত্রলীগ করতাম। কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের একজন দলীয় কর্মী ছিলাম। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে ও আবেগের কারণে স্লোগান দিয়েছি। এতে কোন বিধি ভঙ্গ হয়েছে বলে মনে করছি না।'