ষড়যন্ত্র-সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব: কাদের

স্টার অনলাইন রিপোর্ট

দেশবাসীকে সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র-সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশাল্লাহ।

আজ মঙ্গলবার সকালে নিজ বাসভবনে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধবিগ্রহ, মহামারি, দুঃখ-জ্বালা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে,আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতির চাকা। বঙ্গবন্ধুকন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সব ষড়যন্ত্র-সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাব ইনশাল্লাহ। আসুন মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঘাত দূর করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, আমাদের দেশকে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি। চলমান করোনা সংকটে সবাইকে সাহস মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। দলমত-শ্রেণি নির্বিশেষে করোনা সংকট উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করতে হবে।